উত্তরখান রাজাবাড়িতে এসটিএস দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র, প্রশাসক-এমপির বহরে হামলা! গ্রেপ্তার ৩

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা

রাজধানীর উত্তরখান রাজাবাড়ি এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের হামলার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। আজ রোববার (২ আগস্ট) সকালে এই সংঘাতের সূত্রপাত হয়।

এসটিএস কেন্দ্র করে হামলায় ১৫ কর্মী আহত

ডিএনসিসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাবাড়ি এলাকার এসটিএসটি পরিচালনা কেন্দ্র করে স্থানীয়দের একটি পক্ষ বেশ কিছুদিন ধরে বিরোধিতা করে আসছিল।

আজ সকালে ওই এসটিএসে কার্যক্রমে বাধা দেয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন। একপর্যায়ে তারা পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে ১৫ থেকে ২০ জন কর্মী আহত হন। গুরুতর আহত ৪ জনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন- জিয়া হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপ

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সাথে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএনসিসির অভিযোগ, তারা ঘটনাস্থলে পৌঁছে কারণ জানতে চাইলে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা আবারও উত্তেজিত হয়ে ওঠে এবং প্রশাসক ও সংসদ সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে ঘটনায় তারা অক্ষত রয়েছেন।

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা

হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। দুপুরে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

সেখানে প্রশাসক বলেন, “ডিএনসিসির কর্মীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” বর্তমানে রাজাবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *