বর্তমান বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের নীতি ও সাংবিধানিক অবস্থানের তীব্র সমালোচনা করে সরাসরি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা ঠিক সেই পথেই হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটিরও পরিবর্তন আপনারা এখন পর্যন্ত আনেননি।”
আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে বরিশালের ঐতিহাসিক ঈদগাঁহ ময়দানে বিরোধী ১১ দলীয় জোটের এক বিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৩৩ অধ্যাদেশ বহাল রাখা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা
সমাবেশে সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করেছিল এমন ১৩৩টি কালো অধ্যাদেশ জারি করা হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, সেই অধ্যাদেশগুলোর সবই বর্তমান বিএনপি সরকার বহাল রেখেছে। এটি জাতির সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা।
তারা বলেছিল এগুলো আরও উন্নত আকারে নিয়ে আসবে, কিন্তু ছয় মাস পার হলেও এখন পর্যন্ত একটি অধ্যাদেশও তারা সংশোধন বা উন্নত করতে পারেনি।”
আরো পড়ুন- পদত্যাগ নয়; ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথ ও সংসদে লড়বে জামায়াত
গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’
সংবিধান সংস্কার ও গণভোটের রায় নিয়ে সরকারকে চেপে ধরে জামায়াত আমির বলেন, “যে গণভোটে দেশের জনগণ ৭০ শতাংশের বেশি রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা নিজেদের সরকার বলে দাবি করছেন। অথচ আজ সেই গণভোটের রায় আপনারা মানছেন না।
মনে রাখবেন, ওই গণভোট না থাকলে এই সরকারের কোনো অস্তিত্ব বা বৈধতা থাকবে না। গণভোট যদি ব্যর্থ হয়, তবে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। জনগণ আপনাদের এই রায় মানতে বাধ্য করবে।”
সরকারকে রাজপথের উত্তাপের ভয় দেখিয়ে তিনি বলেন, “আমরা আর রাজপথে এভাবে থাকতে চাই না, সবাই মিলে দেশ গড়ার কাজে অংশ নিতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কিয়ে আমাদের রাজপথের দিকে ঠেলে দিচ্ছেন—তাতে রাজপথ যদি আবার জ্বলে ওঠে, তবে সেই আগুনে অনেক কিছুই পুড়ে ছারখার হয়ে যাবে।”
ঢাকায় মহাসমাবেশের আলটিমেটাম
আগামী ২৫ জুলাই সিলেটে জোটের পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান সরকারকে আলটিমেটাম দিয়ে বলেন, “আমরা আশা করব ২৫ তারিখের মধ্যেই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেবে। আর যদি মেনে না নেন, তবে ঢাকায় মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন।”
এদিকে, একই সমাবেশে তীব্র আক্রমণাত্মক বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এখনও হরতাল দেওয়া হয়নি, তবে খুব শীঘ্রই এ ধরনের কঠোর কর্মসূচির প্রস্তুতি আমাদের রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে মধু, আর অন্তরে ছলনা।”
সূত্র: ইত্তেফাক




