ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাজনৈতিক সহিংসতা নিয়ে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার নিন্দা জানান এবং আহত প্রার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন,
“ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।”
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি এ ঘটনার নিন্দা জানান।
জামায়াত আমির অবিলম্বে এই হামলার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তিনি আহত শরিফ ওসমান হাদির জন্য দোয়া করে বলেন, “দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।”




