ঢাকা-৮ আসনের প্রার্থী হাদি গুলিবিদ্ধ: বিজয়নগরে হামলা, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

গুলির স্থান ও অবস্থা

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পরপরই ওসমান হাদিকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে। পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম বলেন, হাদির মাথা থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে এবং মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে হাসপাতালের ইমারজেন্সির ওসেক ইউনিটে (One Stop Crisis Center) নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক

উদ্ধার ও নিন্দা

ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।’

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই, আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টিম কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’

সূত্রঃ ইনিউজ আপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *