জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে; বরিশাল-১ আসনে উৎসবের আমেজ

জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দুইবারের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।

নির্বাচনী ফলাফলের চিত্র: এবারের নির্বাচনে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা কামরুল ইসলাম খান (দাঁড়িপাল্লা) পান ৪৬ হাজার ২৬৩ ভোট। প্রায় ৪৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন- তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

রাজনৈতিক বর্ণাঢ্য জীবন:

  • উত্থান: আশির দশকে ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।
  • বিএনপিতে যোগদান: ১৯৯৩ সালে বিএনপিতে যোগদানের পর দলের মিডিয়া সেলের আহ্বায়ক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
  • সংসদীয় অভিজ্ঞতা: ১৯৯৬ এবং ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কাজ করেছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে।
  • কারাভোগ: ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সামনের সারিতে থেকে একাধিকবার কারাভোগ করেছেন তিনি।

আন্তর্জাতিক ও শিক্ষা জীবন: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী স্বপন আন্তর্জাতিক অঙ্গনেও বেশ পরিচিত। তিনি দুইবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন’-এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতি ছিলেন।

প্রতিক্রিয়া ও এলাকা জুড়ে আনন্দ: নতুন দায়িত্ব পাওয়ার পর জহির উদ্দিন স্বপন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বরিশালবাসীর আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই এবং দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব”। দীর্ঘ ১৮ বছর পর এ আসনে বিএনপির জয় এবং প্রিয় নেতার মন্ত্রীত্ব পাওয়ায় গৌরনদী–আগৈলঝাড়া এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *