খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি: মধ্যরাতে বা ভোরে যাত্রা!

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার শারীরিক জটিলতা কাটিয়ে তোলার জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন

গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তাঁর চিকিৎসা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা

হাসপাতাল সূত্রে জানা গেছে, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে, ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতা কিছুটা উন্নতির দিকে। তবে হৃদ্‌যন্ত্রের জটিলতা এখনো রয়ে গেছে এবং অন্যান্য শারীরিক সমস্যারও বিশেষ পরিবর্তন হয়নি।

বিদেশি বিশেষজ্ঞ দলের আগমন

গতকাল রাতে (৩ ডিসেম্বর) চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় পৌঁছান। তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সাথে সবশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য এ বছরের জানুয়ারিতেও খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। প্রায় চার মাস পর তিনি গত ৬ মে দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় গত রোববার ভোরে তাঁকে এসডিইউ (SDU) থেকে সিসিইউতে (CCU) স্থানান্তর করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *