ঢাকা-৮ আসনে উত্তাপ: ‘ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দেব’

ঢাকা-৮ নাসীরুদ্দীন পাটওয়ারী বনাম মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভোটগ্রহণ চলাকালীন আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস ও বিএনপির বিরুদ্ধে মারমুখী অবস্থানের ঘোষণা দিয়েছেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

রেলওয়ে কলোনী কেন্দ্রে হামলার অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, এনসিপি নেতাকর্মীদের নিয়ে শাহজাহানপুরের রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, “সেনাবাহিনীর সামনেই আমার মাথায় আঘাত করা হয়েছে। পরে সেনাবাহিনী আমাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়।”

ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও ভোট ডাকাতির দাবি

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী দুটি কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেন—রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় এবং মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। তাঁর দাবি, “সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। বিএনপি কর্মীরা গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।”

মির্জা আব্বাসকে কড়া হুঁশিয়ারি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “হারার ভয় থাকলে খেলায় থাইকেন না। গণতন্ত্র রক্ষার জন্য মানুষ জীবন দিয়েছে, ভোট বানচাল করবেন না।” তিনি আরও যোগ করেন, “যদি ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হয়, তবে আল্লাহর কসম করে বলছি, মির্জা আব্বাসের রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেব।”

‘বিএনপিকে নিশ্চিহ্ন’ করার হুমকি

নাসীরুদ্দীন পাটওয়ারী কেবল সতর্কবার্তা দিয়েই ক্ষান্ত হননি; তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা প্রতিরোধের সময় এখন। নির্বাচনে জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।” তিনি দাবি করেন, এর আগে তাঁরা পাল্টা আঘাত করতে চাননি, কিন্তু এখন থেকে আক্রান্ত হলে তাঁরা ‘মার’ দেবেন।

বিএনপির প্রতিক্রিয়া

তবে এই অভিযোগের বিপরীতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে এনসিপি প্রার্থী ভিত্তিহীন অভিযোগ তুলছেন। মির্জা আব্বাস এর আগে এক বক্তব্যে বলেছিলেন, তিনি সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী এবং ভোট বানচালের কোনো ইচ্ছা তাঁর দলের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *