ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ: ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ ঐতিহাসিক ৫ আগস্ট বুধবার, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এই স্মরণীয় দিনে ছাত্র-জনতার অকুতোভয় প্রতিরোধ ও সর্বোচ্চ আত্মত্যাগের মুখে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল।

আজ রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে এই ঐতিহাসিক দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি পালিত হচ্ছে। জাতীয় কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বিস্তারিত কর্মসূচিতে মুখরিত হচ্ছে রাজপথ।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তারা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্য রক্ষার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছিল দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা বৈষম্য ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক।

তিনি জোর দিয়ে বলেন, ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

বাংলাদেশে আর কখনও স্বৈরাচার, ফ্যাসিবাদ কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন।

আরো পড়ুন- জুলাই সনদের খসড়া প্রকাশ

ইনসাফভিত্তিক রাষ্ট্রের আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ তাঁর বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন।

তিনি প্রতিশ্রুতি দেন যে, আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনের পাশাপাশি সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা হবে। বেলা ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশ ও বিরোধীদলের বাণী

দিবসটি উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল আজ সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিশাল গণসমাবেশের ডাক দিয়েছে।

এছাড়া বিএনপি, সিপিবি, বাসদ ও গণফোরামসহ প্রধান রাজনৈতিক দলগুলো দিনব্যাপী সভা-সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *